সেলিমা রহমানের জামিন মঞ্জুর
পুলিশের রমনা জোনের ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম মাহবুবুর রহমান সেলিমা রহমানের জামিনের আবেদন মঞ্জুর করেন। জামিন আবেদনের শুনানি করেন সানাউল্লাহ মিয়া।
৮ জানুয়ারি বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত। এর আগের দিন ৭ জানুয়ারি গুলশানে নিজ বাসা থেকে হরতালের কর্মসূচি ঘোষণা করার পরেই তাঁকে আটক করে ডিবি। পরে রমনা থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে রাজধানীর সেঞ্চুরি আর্কেড মার্কেটের বিপরীতে পুলিশের রমনা জোনের ডিসি অফিসের সামনে সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় বলা হয়, পুলিশের কাজে বাধা দেওয়াসহ হত্যাচেষ্টায় পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
ওই ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির নেতা সেলিমা রহমান ও আরও দুজনকে আটক করা হয়। তাঁরা প্রত্যক্ষ-পরোক্ষভাবে উসকানি, মদদ, পরিকল্পনা, ষড়যন্ত্র ও অর্থায়নের মাধ্যমে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।