সেলিমার রিমান্ড নামঞ্জুর, মাহবুব-মিলন দুদিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

এ ছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এবং দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের রমনা জোনের ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির এই তিন নেতাকে গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছিল পুলিশ।

আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আমিনুল হকের আদালতে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সেলিমা রহমানের রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেন এবং খন্দকার মাহবুব হোসেন ও ফজলুল হক মিলনকে দুদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

খন্দকার মাহবুব হোসেন, সেলিমা রহমান ও ফজলুল হক মিলনকে গতকাল বুধবার আটক করা হয়। পরে রমনা থানায় দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে রাজধানীর সেঞ্চুরি আর্কেড মার্কেটের বিপরীতে পুলিশের রমনা জোনের ডিসি অফিসের সামনে সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় বলা হয়, পুলিশের কাজে বাধা দেওয়াসহ হত্যাচেষ্টায় পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

ওই ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির এই তিন নেতা প্রত্যক্ষ-পরোক্ষভাবে উসকানি, মদদ, পরিকল্পনা, ষড়যন্ত্র ও অর্থায়নের মাধ্যমে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।