সেলিমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের নয়টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এ কে এম সেলিম ওসমানের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের নয়টি অভিযোগ আনা হয়েছে৷ এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামের প্রধান নির্বাচনী এজেন্ট মাহাবুবুর রহমান মাসুম গতকাল মঙ্গলবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন৷
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ সাংবাদিকদের বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত কমিটির কাছে অভিযোগটি পাঠানো হয়েছে৷
লিখিত অভিযোগে বলা হয়েছে, সাবেক সাংসদ মরহুম নাসিম ওসমানের স্মরণসভা ও শোকসভার নামে বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভা অব্যাহত রেখেছেন সেলিম ওসমান৷ ১৩ জুন নারায়ণগঞ্জ কলেজে সমাজসেবা প্রকল্প সমন্বয় কমিটির সরকারি অনুষ্ঠানে সেলিম ওসমান উপস্থিত থেকে বক্তব্য দেন এবং নিজের পক্ষে ভোট চান৷
১২ জুন শহরের বিবি মরিয়ম স্কুলে সেলিম ওসমান স্কুলের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য দেন এবং লাঙ্গল প্রতীকে ভোট চান৷ কুতুবপুর ইউনিয়নের তহশিলদার কামাল হোসেন সরকারি কর্মচারী হয়েও বন্দরের ২৩ নম্বর ওয়ার্ডে লাঙ্গল প্রতীকের একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন৷ তিনি সশরীরে উপস্থিত থেকে ক্যাম্প পরিচালনা করে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের একত্র করে ত্রাসের রাজত্ব কায়েম করছেন৷
এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই সরকারি সুবিধাভোগী হওয়া সত্ত্বেও নাসিম ওসমানের শোকসভার অনুষ্ঠানে বক্তব্য রেখে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগে বলা হয়েছে৷