সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরে জনতা মডেল উচ্চবিদ্যালয়ে সেশন ও ভর্তি ফি বাবদ বাড়তি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত ফি-এর চেয়ে শিক্ষার্থীপ্রতি ৫০-২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। টাকা জমা দিলেও শিক্ষার্থীদের রসিদ দেওয়া হচ্ছে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত নভেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছর উপজেলা সদর ও পৌরসভা এলাকার বিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি ভর্তিতে ১ হাজার টাকা এবং এর বাইরের বিদ্যালয়ে ৫০০ টাকা নেওয়া যাবে। ধরমপাশায় ৩টি নিম্নমাধ্যমিক ও ২০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ১ জানুয়ারি এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ ও ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
গত শনি ও রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলছে। বেশির ভাগ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ও সেশন ফি বাবদ ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। উপজেলা সদরের ধরমপাশা বালিকা উচ্চবিদ্যালয়ে নেওয়া হচ্ছে ৬৭০ টাকা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা পারভীন বলেন, এটি হাওরবেষ্টিত উপজেলা। এখানকার অধিকাংশ মানুষজনই দরিদ্র। সব দিক দিয়ে বিবেচনা করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ও সেশন ফি বাবদ ৬৭০ টাকা এবং এক মাসের বেতন নেওয়া হচ্ছে। কয়েকজন দরিদ্র শিক্ষার্থীকে ফি না নিয়েই ভর্তি করানো হয়েছে।
তবে জনতা মডেল উচ্চবিদ্যালয়ে ভর্তি ও সেশন ফি বাবদ আদায় করা হচ্ছে ১ হাজার ৫০ থেকে ১ হাজার ২০০ টাকা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন, উপজেলার অন্য নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর তুলনায় জনতা মডেল উচ্চবিদ্যালয়ে নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। বিদ্যালয়টিতে দুই হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। ভালো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এলাকায় এটির সুনাম রয়েছে। এই সুযোগে বিদ্যালয় কর্তৃপক্ষ বেশি টাকা আদায় করছে। এতে অনেক দরিদ্র পরিবারের শিক্ষার্থী বিপাকে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান বলেন, ‘বেশি টাকা আদায় করার অভিযোগটি সঠিক নয়। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ও সেশন ফিসহ সব মিলিয়ে ১ হাজার ৫০ টাকা এবং সপ্তম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৮০০-৯০০ টাকা করে নেওয়া হচ্ছে। বইয়ের হিসাব মেলানোর জন্য রসিদ আপাতত আমাদের হাতে রয়েছে। পরে তা শিক্ষার্থীদের দেওয়া হবে।’
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন কবীর বলেন, সরকারি নির্দেশনা না মেনে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি ভর্তি ও সেশন ফিসহ নানা অজুহাতে বেশি টাকা আদায় করে, তাহলে খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।