ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ফি বা সেশন চার্জ আদায় থেকে সংশ্লিষ্টদের বিরত রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার রুলসহ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।
গত ১৬ সেপ্টেম্বর একটি দৈনিকে ‘ফ্রিস্টাইলে চলছে ইংলিশ মিডিয়াম স্কুল’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে নীতিমালা তৈরির জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন দুই শিক্ষার্থীর অভিভাবক জাবেদ ফারুক। এতে রাজধানীর ২৪টি ইংরেজি মাধ্যম স্কুলকেও বিবাদী করা হয়।
রুলে এসব স্কুলে (প্লে-গ্রুপ থেকে ‘এ’ লেভেল পর্যন্ত) মাসিক বেতন, পুনর্ভর্তি ফি বা সেশন চার্জ আদায়ের বিষয়ে নীতিমালা তৈরি এবং তদারক সেল গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষা সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। তাঁকে সহায়তা করেন আইনজীবী জে আর খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
পরে এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, ইংরেজি মাধ্যম স্কুলগুলো যাতে শিক্ষার্থীদের কাছ থেকে সেশন চার্জ আদায় না করতে পারে সে জন্য তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ফলে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় স্কুলগুলো এ চার্জ আদায় করতে পারবে না।