সেশনজট দূর করার দাবিতে মানববন্ধন মিছিল
অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট দূর ও ৬০ দিনের মধ্যে সম্মান চূড়ান্ত পর্বের পরীক্ষার ফল প্রকাশের দাবিতে গতকাল সোমবার ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে গতকাল সকাল সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। এ সময় কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অর্জুন কুমার দাস বলেন, ‘চার বছর মেয়াদি অনার্স কোর্স শেষ করতে সাত-আট বছর লেগে যাচ্ছে। ফলে আমাদের শিক্ষাজীবন থেকে চারটি বছর অকারণে ঝরে যাচ্ছে।’ রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ওহিদুল ইসলাম জানান, অনার্স পরীক্ষা দেওয়ার পর ফল বের হতে এক থেকে দেড় বছর সময় লাগে। মানববন্ধন শেষে ছাত্রছাত্রীরা মিছিল করে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মোল্লা স্মারকলিপি গ্রহণ করেন।সরকারি রাজেন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, ‘ছাত্রদের এ দাবি খুবই ন্যায্য ও যুক্তিসংগত। ওদের ফলাফল একদিন আগে হলেও ওরা আগে চাকরিতে অংশ নেওয়ার সুযোগ পাবে। শিক্ষা বোর্ড যদি দুই মাসের মধ্যে ফল প্রকাশ করতে পারে, তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন তা পারবে না?’