সেশনজট নিরসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেশনজটের জাঁতাকলে পিষ্ট শিক্ষার্থীরা। এ অবস্থা কাটিয়ে উঠতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। গতকাল শনিবার শিক্ষাসংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষা কার্যক্রমবিষয়ক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপাচার্য। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ জে এম নূরুদ্দীন চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, বিভিন্ন ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র নির্দেশনা ও পরামর্শকেন্দ্রের পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, ‘আমি চাই বিশ্ববিদ্যালয় দ্রুত শিক্ষাজট মুক্ত হোক। এ লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণ ও ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করতে হবে।’
ইফতেখার উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা দিয়ে সরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানেরা লেখাপড়া করতে আসে সরকারি বিশ্ববিদ্যালয়ে। একজন শিক্ষার্থী যথাসময়ে শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করবেন এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাঙ্ক্ষিত ভূমিকা রাখবেন, এটাই প্রত্যাশিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমাদের শিক্ষার্থীরা শিক্ষাজটের জাঁতাকলে পিষ্ট।’