সেশনজট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেশনজট নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।গতকাল সকালে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা সেখানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছেন। এ সময় ‘ইয়ার ড্রপ মানি না, মানব না’ বলে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে ক্যাম্পাস মুখর করে তোলেন।জানা গেছে, ২০০৮-০৯ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ৬৩ জনের মধ্যে ২২ জন শিক্ষার্থী অকৃতকার্য হন। গত অক্টোবর মাসে পরিপূরক পরীক্ষা দেওয়ার সুযোগ দিলেও তাঁদের মধ্যে নয় শিক্ষার্থী আবার অকৃতকার্য হন। কারিকুলাম অনুযায়ী তাঁদের শিক্ষা বিরতি (ইয়ার ড্রপ) হয়। নিয়ম অনুযায়ী, ওইসব শিক্ষার্থীকে পরের ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে হবে।প্রতিবাদ আন্দোলনের পর দুপুর ১২টার দিকে অধ্যক্ষসহ শিক্ষকেরা শিক্ষার্থীদের নিয়ে মিলনায়তনে বসেন।চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, ‘শিক্ষার্থীদের এই আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক। নার্সিং কলেজের অধ্যাদেশ অনুযায়ীই তাদের শিক্ষা বিরতি হচ্ছে। এতে শিক্ষকদের কোনো হাত নেই। এ বিষয়ে তাদের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করার পরামর্শ দিয়েছি। এ ছাড়া সেশনজটের বিষয়টি আজকের এক দিনের বিষয় নয়। এ ছাড়া সময়মতো পরীক্ষা নিয়ে সেশনজট নিরসনের কাজ চালিয়ে যাচ্ছি।’