সেশনজট নিয়ে উপাচার্যদের উদ্বেগ
রাজনৈতিক অস্থিরতায় ভর্তি পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস-পরীক্ষা ঠিকমতো না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বিশেষ সভায় তাঁরা এ উদ্বেগ প্রকাশ করেন। বৈঠক শেষে পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুবর রহমান সংবাদ সম্মেলনে সভার তথ্য তুলে ধরেন।
সভায় কয়েকজন উপাচার্য বলেন, রাজনৈতিক অস্থিরতায় সম্প্রতি অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়ে হয়নি। ভর্তি পরীক্ষাসহ ক্লাস পরীক্ষা না হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে যে সেশনজটের আশঙ্কা করা হচ্ছে, তা যথাসম্ভব কমানোর উদ্যোগ নিতে হবে। তাঁরা আশা করেন, নতুন করে সৃষ্ট সেশনজট কমিয়ে আনতে পারবেন।
সভায় বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন চেয়ারম্যান ঘোষণা করা হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমীনকে। উপস্থিত ছিলেন জাতীয় বিশ্বাবদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুর্তজা আলী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাদাত উল্লাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।