সেশনজটে শিক্ষার্থীরা খুলে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে শিশু রাব্বি হত্যার ঘটনার পর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। টানা ২৪ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় দীর্ঘমেয়াদি সেশনজটে পড়তে যাচ্ছেন শিক্ষার্থীরা। সেশনজট এড়াতে শিক্ষার্থীরা দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তবে ঠিক কবে বিশ্ববিদ্যালয় খুলবে সে ব্যাপারে সুনির্দিষ্ট তারিখ জানাননি উপাচার্য।ক্যাম্পাসে গত ১৯ জানুয়ারি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবিনিময়ের সময় ক্যাম্পাসের পাশের এলাকার শিশু রাব্বি (১০) গুলিবিদ্ধ হয়ে মারা যায়।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা জানায়, ১৯৯৬ সালের পর গত ১৬ বছরে এই প্রথম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা ছাড়া অন্য সব প্রশাসনিক কার্যক্রম চলছে। এমনকি আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনও হবে। কৃষি অনুষদের প্রথম বর্ষের ছাত্র রাশেদুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই বিপাকে পড়লাম। জানতাম এখানে সেশনজট নেই। এবার সেশনজটে পড়ব।’একই অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান বলেন, ‘সেশনজটে পড়লে মূল্যবান সময় নষ্টসহ ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়ব।’মাত্স্যবিজ্ঞান অনুষদের ছাত্র আবদুস সালাম মনে করেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় খোলার সুষ্ঠু পরিবেশ থাকলেও প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছে। এ কারণে তিনি মাস্টার্সে ভর্তি হতে পারেননি।পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্র ওয়াহিদুজ্জামান শেখ বলেন, ‘হল সংস্কারের নামে প্রশাসনের বিলম্ব আমাদের সেশনজটের দিকে ঠেলে দিচ্ছে। আমরা কষ্ট করে থাকব, তবু ক্লাস শুরু করা হোক।’ পরীক্ষা নিয়ন্ত্রক মো. জসিমউদ্দিন খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় অতিসত্বর খুলে দেওয়া উচিত। আর বিলম্ব করা ঠিক হবে না। বিলম্ব করলেই শিক্ষার্থীরা সেশনজটে পড়বে।’উপাচার্য মো. রফিকুল হক বলেন, ‘এলাকাবাসীর হামলায় ক্ষতিগ্রস্ত হলগুলো সংস্কারকাজের কারণে বিলম্ব হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।’নির্বাচন আজ: বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত একযোগে শিক্ষক সমিতির ভোট গ্রহণ চলবে।শিক্ষক সমিতি সূত্র জানায়, এ বছর সমিতির ১১টি পদের বিপরীতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ সমর্থক ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ এবং বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক শিক্ষকদের সংগঠন ‘সোনালি দল’ প্যানেলে মোট ২২ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটারসংখ্যা ৫০৯ জন।