সেশনজটের আশঙ্কায় শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে রুয়েট ক্যাম্পাসে অবস্থিত অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের কারণে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে রুয়েট ক্যাম্পাস। সেশনজটে যাতে পড়তে না হয়, শিক্ষার্থীরা তাই অবিলম্বে ক্যাম্পাস খোলার জোর দাবি জানিয়েছেন।রুয়েট ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি রুয়েটের নবনির্মিত শহীদ মিনারের বেদিতে পা রাখার ঘটনাকে কেন্দ্র করে রুয়েটের ছাত্রদের সঙ্গে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রুয়েট ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং সাংবাদিকসহ ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিন রাতেই রুয়েট কর্তৃপক্ষ জরুরি সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং পরদিন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। এ ঘটনায় অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুয়েটের অজ্ঞাতপরিচয় চার-পাঁচ শ শিক্ষার্থীর বিরুদ্ধে মতিহার থানায় মামলাও করেন। রুয়েটের শিক্ষার্থী গোলাম রব্বানী, খন্দকার মাসরুস, তাসনিম বিনতে শওকতসহ আরও অনেক শিক্ষার্থী জানান, ক্যাম্পাস বন্ধ থাকলে তাঁদের চার বছরের সম্মান কোর্স ছয় বছরেও শেষ হবে না। তাঁরা অবিলম্বে রুয়েট ক্যাম্পাস খোলার দাবি জানান।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র জানান, তাঁর ছেলে রুয়েটে পড়ালেখা করেন। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বেন। তিনি অবিলম্বে রুয়েট ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানান।রুয়েটের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী বলেন, ৩১ মার্চ সন্ধ্যায় ক্যাম্পাস খোলার ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এম ওবাইদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সুবোল বোস মণি, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোশাররফ হোসেন বাচ্চু এবং ওই কলেজের অধ্যক্ষ তহুরা আখতার খাতুন। সভায় রুয়েট ক্যাম্পাস খোলার ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্রুত রুয়েট ক্যাম্পাস খুলে দেওয়া হবে।অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা তহুরা আক্তার জানান, রুয়েটের শিক্ষার্থীরা অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে এবং আগুন লাগিয়ে দিয়ে যে ক্ষতি করেছে, তা অপূরণীয়। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।এ এইচ এম খায়রুজ্জামান জানান, রুয়েট ক্যাম্পাস খোলার লক্ষ্যে একাধিকবার স্থানীয় জনগণ, রুয়েট ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলাপ-আলোচনা হয়েছে। খুব দ্রুত রুয়েট ক্যাম্পাস খুলে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।