সেশনজটের কবলে শিক্ষার্থীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়মতো পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেভেল-১ সেমিস্টার-১-এর শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরিচালক ছাত্রদের এ অভিযোগ স্বীকার করেছেন।লেভেল-১-এর শিক্ষার্থীরা জানান, গত বছরের জানুয়ারিতে শিক্ষার্থীরা প্রথম বর্ষে ভর্তি হন। জানুয়ারিতেই পাঠদান শুরুর কথা। কিন্তু তিন মাস পর ৮ মার্চ থেকে প্রথম সেমিস্টারের পাঠদান শুরু হয়। বছরে দুটি সেমিস্টার। ২০১০ সালের জুনে প্রথম সেমিস্টার ও ডিসেম্বরে দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, লেভেল-১ সেমিস্টার-১ ব্যাচের পরীক্ষা জুনের বদলে গত ডিসেম্বর ও জানুয়ারি মাসজুড়ে অনুষ্ঠিত হয়। অর্থাৎ এই ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়-জীবনের শুরুতেই ছয় মাস পিছিয়ে যান।শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, পরীক্ষা হওয়ার দুই মাসের মাথায় ফলাফল প্রকাশের কথা। কিন্তু পরীক্ষা অনুষ্ঠানের সাড়ে চার মাস পেরিয়ে গেছে। এর মধ্যে শুধু ব্যবসায় শিক্ষা অনুষদ ছাড়া বাকি সব অনুষদের ফলাফল আটকে আছে। এ অবস্থায় সংশ্লিষ্ট শিক্ষা বর্ষের ছয়টি অনুষদের প্রায় ৬৫০ জন শিক্ষার্থীর চার বছর মেয়াদি সম্মান কোর্স শেষ করতে আরও বেশি সময় লেগে যাবে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরিচালক অধ্যাপক ভবেন্দ্র কুমার বিশ্বাস ২৩ এপ্রিল প্রথম আলোকে বলেন, দুটি কারণে ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। একটি হলো মূল্যায়ন খাতা ও শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সময়মতো জমা না দেওয়া। অপরটি হলো পরীক্ষা নিয়ন্ত্রক শাখার কম্পিউটার প্রোগ্রামার সড়ক দুর্ঘটনায় আহত হওয়া। তবে শিক্ষকেরা খাতা ও নম্বর জমা দিলে পরীক্ষা নিয়ন্ত্রক শাখা তিন দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে সক্ষম বলে দাবি করেন তিনি।