সেসব যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ
মন্ত্রণালয়ের নির্দেশে বাতিল হওয়া দরপত্রের বিপরীতে সরবরাহ করা যন্ত্রপাতি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচালকের দাবি, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে যন্ত্রপাতিগুলো স্থাপন করা হচ্ছে।
এক বছর আগে নিয়মবহির্ভূতভাবে আহ্বান করা দরপত্র দুটি বাতিল করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। সেই থেকে নয় কোটি টাকার যন্ত্রপাতি হাসপাতালের করিডরে বাক্সবন্দী অবস্থায় পড়েছিল। ১৩ জুন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টরের একটি চিঠির দোহাই দিয়ে এসব যন্ত্রপাতি তড়িঘড়ি করে বিভিন্ন ওয়ার্ডে নেওয়া হয়। তবে গত মঙ্গলবার পর্যন্ত সেগুলো স্থাপন করা হয়নি।
হাসপাতালের একাধিক কর্মকর্তা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বাতিল হওয়া দরপত্র কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ই গ্রহণ করতে পারে, স্বাস্থ্য অধিদপ্তর নয়।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের রোগীর সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে ৫২ ধরনের ভারী যন্ত্রপাতি কেনার প্রশাসনিক অনুমোদন চাওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে। কিন্তু প্রশাসনিক অনুমোদন ও বরাদ্দ পাওয়ার আগেই তৎকালীন পরিচালক কামরুল হাসান প্রায় ১৩১ কোটি টাকার যন্ত্রপাতির জন্য পৃথক দুটি দরপত্র আহ্বান করেন। এভাবে নিয়মবহির্ভূতভাবে দরপত্র আহ্বান করায় গত বছরের ২০ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দরপত্র দুটি বাতিলের নির্দেশ দেয়। একই সঙ্গে পরিচালক কামরুল হাসানকে বরখাস্ত করা হয় এবং নিজামউদ্দিন ফারুককে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সূত্রটি জানায়, দরপত্র আহ্বানের সঙ্গে সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোং একটি ডিজিটাল এক্স-রে মেশিন, আইসিইউ বিভাগের জন্য দুটি অটোক্লেপ, ১০টি আইসিইউ বেড ও দুটি কালার ডুপ্লেক্স আলট্রাসনোগ্রাম মেশিনসহ নয় কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করে। কিন্তু হাসপাতালের পরিচালক নিজামউদ্দিন ফারুক মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী যন্ত্রপাতি গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান যন্ত্রপাতিগুলো হাসপাতালের করিডরে ফেলে রাখে। পরিচালক মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর দরপত্র দুটি বাতিল করেন।
এ ব্যাপারে তখনকার পরিচালক নিজামউদ্দিন ফারুক প্রথম আলোকে বলেন, ‘পরিচালক কামরুল ইসলাম বিধি ভঙ্গ করে দরপত্র আহ্বান করায় দরপত্র দুটি বাতিল করে মন্ত্রণালয়। আমি দায়িত্ব নেওয়ার পর ওই মালামাল গ্রহণ করিনি। মন্ত্রী ও মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া ওই দরপত্রের মালামাল গ্রহণ করার সুযোগ নাই। বর্তমান পরিচালক কিসের ভিত্তিতে গ্রহণ করেছেন, সেটা তিনিই বলতে পারবেন।’
অভিযোগ পাওয়া গেছে, নতুন পরিচালক এস এম সিরাজুল ইসলাম যোগদানের পর ঠিকাদারি প্রতিষ্ঠানটির সঙ্গে যোগসাজশ করে ফেলে রাখা যন্ত্রপাতিগুলো স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এর বিপরীতে তিনি স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা আনেন। এ বিষয়ে বর্তমান পরিচালক সিরাজুল ইসলাম দাবি করে বলেন, ‘ওই যন্ত্রপাতি সরবরাহের দরপত্র যে স্বাস্থ্য মন্ত্রণালয় বাতিল করেছে, সেটি আমার জানা ছিল না। ১৩ জুন এক চিঠিতে যন্ত্রপাতি স্থাপনের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তার পরিপ্রেক্ষিতে সেগুলো ওয়ার্ডে ওয়ার্ডে নেওয়া হয়েছে।’