সেহির খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেহির খাওয়াকে কেন্দ্র করে গত সোমবার ভোররাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের মঈনুল হায়দার ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতি হয়েছে। এতে কমপক্ষে ছয়জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঈনুল হায়দার ছাত্রাবাসের ডাইনিংয়ে ৩৮তম ব্যাচের খাইরুল ইসলামের ৯৬০ টাকা বকেয়া পড়ে। সোমবার সেহির খেতে গেলে ডাইনিংয়ের ব্যবস্থাপক শাহিন তাঁকে পাওনা পরিশোধের অনুরোধ করেন। পাওনা পরিশোধ করে খাইরুল খাবার চান। কিন্তু খাবার কম থাকায় শাহিন তাঁকে পরবর্তী বেলা থেকে খাওয়ার অনুরোধ করেন। এ সময় খাইরুলের সঙ্গে শাহিনের বাগিবতণ্ডা হয়। এ সময় শাহিনের পক্ষ নেন ছাত্রলীগ-সমর্থিত ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও আইডিএসের সভাপতি এস এম সায়েমের অনুসারীরা। খাইরুলের পক্ষ নেন আইডিএসের সাবেক সভাপতি এস এম রমিজের অনুসারীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে আহত হন এস এম রমিজ, ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ মাহমুদ এবং ৩৮তম ব্যাচের ছাত্র দেবাশীষ রায়, সৈকত মাহবুব, মুন্না ও মারুফ হোসেন। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে আইডিএসের সাবেক সভাপতি রমিজ বলেন, ‘সেহির খাওয়া নিয়ে খাইরুলের সঙ্গে ছাত্রাবাসের ডাইনিংয়ের ব্যবস্থাপক শাহিনের কথাকাটাকাটি হচ্ছে শুনে বিষয়টি ছাত্রাবাসের তত্ত্বাবধায়কদের জানানো হয়। শিক্ষকেরা সেখানে উপস্থিত হওয়ার পর পরিস্থিতি দেখতে আমি গিয়েছিলাম।’ এ সময় সৌরভ মাহমুদ, দেবাশীষ রায়, সৈকত মাহবুব ও মুন্নাকে সামান্য আহত অবস্থায় দেখেছেন বলে তিনি জানান। অন্যদিকে আইডিএসের সভাপতি সায়েম দাবি করেন, ‘খাইরুলের কাছে পাওনা টাকার জন্য তাগাদা দেন শাহিন। কিন্তু সদ্য পাস করা বহিরাগত একজন চিকিৎসকের ইন্ধনে শাহিনকে মারধর করা হয়।’ছাত্রাবাসে অপ্রীতিকর পরিস্থিতির কথা স্বীকার করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবরার আহম্মেদ বলেন, ‘জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কলেজের বিভিন্ন ছাত্রাবাসের তত্ত্বাবধায়কদের নিয়ে গতকাল সভা করেছেন তিনি।