সেহির খেতে উঠে দেখেন কক্ষের মেঝেতে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নওয়াব ফয়জুন্নেছা ছাত্রীনিবাসের ছাত্রীরা পানিবন্দী হয়ে পড়েছেন। গত দুই দিনের অবিরাম বর্ষণে ছাত্রীনিবাসের ভেতরে পানি ঢুকে পড়েছে। এ ছাড়া ছাত্রীনিবাসের বিভিন্ন ভবনের ছাদ চুইয়েও পানি পড়ে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন পাঁচ শতাধিক ছাত্রী। গতকাল বুধবার বিকেল তিনটায় সরেজমিনে গিয়ে ছাত্রীনিবাস ঘুরে এ দৃশ্য দেখা গেছে। ছাত্রীনিবাসের বাসিন্দা রোকেয়া সুলতানা, সামছুন নাহার ও জাকিয়া সুলতানা জানান, দুই নম্বর ভবনের তৃতীয় তলার পাঁচ নম্বর কক্ষে মঙ্গলবার গভীর রাতে সেহির খেতে উঠে দেখেন ছাদ চুইয়ে পানি পড়ছে। এর ফলে তাঁদের বইপত্র ও বিছানা ভিজে গেছে। একই অবস্থা নিচতলার ছাত্রীদের। তাঁরাও সেহির খেতে উঠে দেখেন মেঝেতে পানি ঢুকে পড়েছে। ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক ও অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক বিলকিস বেগম বলেন, ‘পুরো কলেজেই জলাবদ্ধতা দেখা দিয়েছে। ছাত্রীনিবাসের এলাকা নিচু হওয়ায় নিচতলার কক্ষগুলোতে পানি ঢুকেছে। এটি এক দিনের সমস্যা নয়, বহু দিনের সমস্যা। তার পরও আমরা চেষ্টা করছি জলাবদ্ধতা ঠেকাতে। কিন্তু অবিরাম বর্ষণের কারণে সেটি ঠেকানো যাচ্ছে না।’কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে দিনের পর দিন আবেদন করেও কোনো লাভ হয়নি। কুমিল্লা শহরের বিভিন্ন এলাকার বাসাবাড়ির পানি এখানে প্রবেশ করে। অনেকেই বিভিন্ন সড়কের নিচে দিয়ে পাইপ ঢুকিয়ে এখানে পানি নিষ্কাশন করে। অতি বৃষ্টির কারণে এ অবস্থা হয়েছে।