সেহিরর রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেহিরর জন্য ভাত রান্না করতে দেরি করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর উতলারপার গ্রামে গত বৃহস্পতিবার রাতে ঘটে এ ঘটনা। স্বামীর হাত থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে দ্বিতীয় স্ত্রীও আহত হয়েছেন।পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, উতলারপার গ্রামের শাহজাহান মিয়া বৃহস্পতিবার রাত তিনটার দিকে সেহির খাওয়ার প্রস্তুতি নেন। তাঁর বড় স্ত্রী হাওয়ারুননেছা (২৮) ভাত রান্না করছিলেন। দেরি হওয়ায় শাহজাহান স্ত্রীর ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে বঁটি দিয়ে হাওয়ারুননেছার ঘাড়ে ও মাথায় কোপ দেন। এ অবস্থায় রান্নাঘর থেকে তাঁর দ্বিতীয় স্ত্রী ফাতেমা বেগম (২৫) এগিয়ে এলে শাহজাহান তাঁকেও একটি কোপ দিয়ে ঘর থেকে বের হয়ে যান।হাওয়ারুননেছার বাবা আবদুল আজিজ ওরফে বাপ্টু মিয়া জানান, চিৎকার শুনে প্রতিবেশীরা হাওয়ারুন ও ফাতেমাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গতকাল শুক্রবার ভোরে হাওয়ারুননেছা মারা যান।