সোনা চোরাচালান মামলায় যাবজ্জীবন
চট্টগ্রামে সোনা চোরাচালানের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম মো. সরওয়ার। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ১৪ জুন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রী মো. সরওয়ারের লাগেজ থেকে ১৩৮টি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৮ কোটি টাকা। এই ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমান বাদী হয়ে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৬ ডিসেম্বর আসামি সরওয়ারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১৫ সালের ১৪ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়।