সোনা চোরাচালান মামলায় ১০ বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনা চোরাচালানের মামলায় এক যাত্রীকে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম মো. সেলিম উদ্দিন। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো শাহেনূর এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা এক যাত্রী সেলিমের কাছ থেকে ২৪টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বি এম আবদুল্লাহ আল মাসুম বাদী হয়ে পতেঙ্গা থানায় চোরাচালানের অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৪ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।