সোনা চোরাচালানের দায়ে একজনের সাত বছরের কারাদণ্ড
চট্টগ্রামে সোনা চোরাচালানের দায়ে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন।
এই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের ২৩ মার্চ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রী জাহাঙ্গীর আলমের শরীর তল্লাশি করা হয়। এ সময় বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাঁর দুই পায়ের মোজা ও জুতার ভেতর থেকে আটটি করে ১৬টি সোনার বার উদ্ধার করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে নগরের পতেঙ্গা থানায় মামলা করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। তদন্ত শেষে পতেঙ্গা থানার পুলিশ আসামি জাহাঙ্গীরের বিরুদ্ধে একই বছরের ৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১৪ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দিলেন।
জাহাঙ্গীর আলম গত বছরের জুন মাস থেকে ওই মামলায় জামিনে ছিলেন। এত দিন ধার্য করা দিনগুলোতে আদালতে হাজির থাকলেও রায় ঘোষণার দিন আজ হাজির ছিলেন না জাহাঙ্গীর।