সোনা চোরাচালান মামলায় দুই মালয়েশিয়ান কারাগারে
সোনা চোরাচালান মামলায় দুই মালয়েশিয়ানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. লুৎফুর রহমান শিশির এ আদেশ দেন।
মালয়েশিয়ার ওই দুই নাগরিক হলেন চেন শিম থ্যাট ও চ্যান কোক কোয়াই।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক মো. কামাল উদ্দিন ওই দুজনকে তিন দিনের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে বলা হয়, আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আসামিরা বিদেশি হওয়ায় তাঁদের জামিন দিলে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পরে আসামিপক্ষের আইনজীবী আসামিদের জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৩ ডিসেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার এই দুই নাগরিকের কাছ থেকে ছয় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। ওই দিনই কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আহম্মেদ নেওয়াজ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন।