সোনা লুট: আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানি রোববার
চট্টগ্রামে সোনার দোকানের দুই কর্মচারীর কাছ থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ২০৫ ভরি সোনা লুটের মামলায় গ্রেপ্তার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার (বরখাস্ত হওয়া) মেজবাহ উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে মেজবাহকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ শহীদুল ইসলাম এ আদেশ দেন।
গত সোমবার দুই দোকান কর্মচারী পলাশ চক্রবর্তী ও বিশ্বজিৎ নন্দীর কাছ থেকে ডিবি পরিচয় দিয়ে দুই যুবক ২০৫ ভরি সোনা ছিনিয়ে নেন। এর আগে দুজনকে চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাহাড়তলী স্টেশনের দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মেজবাহর কক্ষে ডেকে নেওয়া হয়। এ ঘটনায় কর্মচারী পলাশ চক্রবর্তী বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মেজবাহর নাম উল্লেখ করে মামলা করেন। পরদিন রেল কর্তৃপক্ষ মেজবাহকে সাময়িক বরখাস্ত করে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সোনা লুটের মামলার আসামি মেজবাহকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হয়। দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন করে রেলওয়ে থানার পুলিশ। কিন্তু মূল নথি না থাকায় আদালত রিমান্ড শুনানি পিছিয়ে আগামী রোববার দিন ধার্য রাখেন। আসামি মেজবাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাশ জানান, দুই দিনের রিমান্ডে আসামি মেজবাহের কাছ থেকে কোনো তথ্য না পাওয়ায় দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। লুট হওয়া সোনাগুলো উদ্ধারে পুলিশের অভিযান চলছে।