নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ কলেজের সামনে এই ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।
দলীয় সূত্র জানায়, জয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জয়াগ কলেজ মিলনায়তনে বর্ধিত সভা ডাকা হয়। সভার একপর্যায়ে রাত সোয়া দশটার দিকে স্থানীয় দুটি পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়। কিছুক্ষণের মধ্যে তা সংঘর্ষে রূপ নেয়। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, পাল্টাপাল্টি হামলার সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুই পক্ষ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ ফ ম বাবুর ব্যক্তিগত গাড়ির (কাচ) ভাঙচুর করা হয়। ইটের আঘাতে গাড়ির চালক হারুনুর রশিদ, আওয়ামী লীগের কর্মী শাহ আলম, আবুল কাশেমসহ দুই পক্ষের অন্তত পাঁচ ব্যক্তি আহত হন।
আগামী ৩ মার্চ জয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংঘর্ষের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন সম্মেলন উপলক্ষে জয়াগ কলেজে বর্ধিত সভা করতে গিয়েছিলাম। কিন্তু সম্মেলন নিয়ে আলোচনার একপর্যায়ে দুই পক্ষ মারামারিতে জড়ায়।’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।