সোনাইমুড়ীতে মাদক ব্যবসায়ীর দুই বছর দণ্ড
নোয়াখালীর সোনাইমুড়ীতে তিন কেজি গাঁজাসহ আটক আবদুর রহমান (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন এ রায় দেন।
দণ্ড পাওয়া আবদুর রহমান পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে। আদালতের আদেশের পর আবদুর রহমানকে সোনাইমুড়ী থানায় সোপর্দ করা হয়। আজ শনিবার তাঁকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।
পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আফানিয়া বাজার থেকে তিন কেজি গাঁজাসহ আবদুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এরপর তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপস্থিত সাক্ষ্য-প্রমাণ ও দোষ স্বীকারের ভিত্তিতে আবদুর রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ডের কথা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উল ইসলাম।