সোনাইমুড়ীতে স্কুলছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্কুলছাত্র ইব্রাহিম খলিল ওরফে মাসুম (১২) হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার কালিকাপুরের খেলাফত বাজারে এসব কর্মসূচি পালিত হয়।
গতকাল বেলা ১১টার দিকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কালিকাপুরের খেলাফত বাজারে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা মানববন্ধন করে।
ইব্রাহিমকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার রাতে জগজীবনপুর গ্রামের একটি মুরগির খামার থেকে আবদুল হান্নান (৩৫) নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী থানার পুলিশ। হান্নানসহ এই ঘটনায় গ্রেপ্তার তিনজনকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, অপহরণের দুই দিন পর ২৮ এপ্রিল ইব্রাহিমকে হত্যা এবং পরে মুঠোফোনে মুক্তিপণ দাবির কথা স্বীকার করেছে সাকিব ও ওছমান। তিনি বলেন, ইব্রাহিমের বাবার কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাঁর ছেলেকে অপহরণ ও হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।