সোনাগাজীতে উৎসবমুখর প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র পদপ্রার্থীর পক্ষে গতকাল গণসংযোগ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু l ছবি: প্রথম আলো
ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র পদপ্রার্থীর পক্ষে গতকাল গণসংযোগ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু l ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচন জমে উঠেছে। দুই প্রধান দলের দুই মেয়র পদপ্রার্থীর প্রচারণা ও গণসংযোগের পাশাপাশি কাউন্সিলর পদপ্রার্থীদেরও প্রচার-প্রচারণা চলছে। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০ মার্চ ভোট গ্রহণ।
মেয়র পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও মূল লড়াই আওয়ামী লীগের রফিকুল ইসলাম ওরফে খোকন ও বিএনপির বর্তমান মেয়র জামাল উদ্দিন ওরফে সেন্টুর মধ্যে সীমাবদ্ধ থাকছে। অন্য চার প্রার্থী হলেন জাতীয় পার্টির মজিবুল হক, স্বতন্ত্র প্রার্থী আবু নাছের, শেখ সেলিম ও নাছির উদ্দিন ওরফে রিপন। তাঁদের পক্ষেও প্রচার-প্রচারণা চলছে।
আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ওরফে খোকনের পক্ষে প্রচারণা ও গণসংযোগে গত কয়েক দিনে অংশ নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সহসম্পাদক জহির উদ্দিন মাহমুদ, আওয়ামী লীগের জেলা সভাপতি আবদুর রহমান, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দারসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
অপর দিকে বিএনপির মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন ওরফে সেন্টুর প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর পক্ষে গতকাল গণসংযোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান l  ছবি: প্রথম আলো
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর পক্ষে গতকাল গণসংযোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান l ছবি: প্রথম আলো


বিএনপির প্রার্থীর পক্ষে গতকাল বুধবার দুপুরে গণসংযোগে অংশ নেন আবদুল আউয়াল মিন্টু। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে বলেন, ‘দুঃশাসন থেকে মুক্তি চাইলে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।’ তিনি বলেন, যে সরকারের আমলে ব্যাংকের টাকা লুট হয়, ডোবা-নালায় লাশ পাওয়া যায়, সেই সরকার মানুষের কল্যাণ করতে পারে না।
অপর দিকে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, বর্তমানে বিএনপির মেয়র থাকায় এলাকায় কোনো ধরনের উন্নয়ন হয়নি। দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন চাইলে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার বিকল্প নেই।
সোনাগাজী নির্বাচনে একটি সংরক্ষিত নারী ওয়ার্ডে একজন এবং একটি সাধারণ ওয়ার্ডে একজন করে দুজন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অবশিষ্ট দুটি সংরক্ষিত নারী ওয়ার্ডে পাঁচজন এবং আটটি সাধারণ ওয়ার্ডে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মাঈনুল হক বলেন, সোনাগাজী পৌরসভায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাররা যাতে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে পৌর এলাকায় চার প্লাটুন বিজিবি ও র্যা ব সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত থাকবেন। প্রতি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।
পৌরসভায় ১৪ হাজার ১৯০ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ৭১৮৭ এবং নারী ৭০০৩ জন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন চলাকালেও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। বিশৃঙ্খলাকারী কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।