সোনাগাজীতে একজনের মৃত্যু
জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে ফেনীর সোনাগাজীর দক্ষিণ চর চান্দিয়া এলাকায় একজন মেষপালক মারা গেছেন। এদিকে ঝড়ে উপজেলার তিনটি ইউনিয়নের বেশ কিছু কাঁচা বাড়িঘর বিধ্বস্ত ও গাছপালা উপড়ে গেছে।
সোনাগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, দক্ষিণ চর চান্দিয়ায় মাঠ থেকে ভেড়া আনতে গিয়ে জলোচ্ছ্বাসের কবলে পড়ে নুরুল আমিন (৩৮) নামের এক ব্যক্তি মারা যান। এ ছাড়া চরচান্দিয়া ইউনিয়নের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকার চারজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, জলোচ্ছ্বাসে সোনাগাজী উপকূলের নয়টি গ্রাম প্লাবিত হয়। এতে বহু খামারের মাছ ভেসে গেছে। আউশ ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত গ্রামগুলো হলো চর খোয়াজ, চর খোন্দকার, জেলেপাড়া, দক্ষিণ চর চান্দিয়া, পূর্ব বড়ধলী, মধ্যম চর চান্দিয়া, বাহিরচর, চর নারায়ণ ও চর আবদুল্লাহ।
বিকেলে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ প্রশাসনের কর্মকর্তারা প্লাবিত এলাকা পরিদর্শন করেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফা হক বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।