সোনাগাজীতে চাঁদাবাজির অভিযোগে সাংসদের ভাতিজা গ্রেপ্তার
ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর বাজারে চাঁদাবাজির অভিযোগে মো. ফারুক (৩০) নামে এক যুবলীগ কর্মীকে গতকাল শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। ফারুক ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্লাহর ভাতিজা।
এর আগে সাংসদের দুই ভাতিজা মো. ফারুক ও মো. স্বপনের চাঁদাবাজির প্রতিবাদে ও তাঁদের গ্রেপ্তারের দাবিতে সকাল থেকে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ ও সোনাগাজী-মুহুরী প্রকল্প সড়ক অবরোধ করে রাখেন।
ব্যবসায়ীদের অভিযোগ থেকে জানা যায়, দীর্ঘদিন থেকে ফারুক ও স্বপন সোনাপুর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। গত বৃহস্পতিবার ফারুক ও স্বপন দুই শতাধিক ব্যবসায়ীর কাছ থেকে মাসিক দুই হাজার টাকা করে চাঁদা দাবি করেন। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীদের নানা ধরনের হুমকি দেন। প্রতিবাদে গতকাল শনিবার সোনাপুর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ ও সড়ক অবরোধের মাধ্যমে স্বপন ও ফারুকের বিচার দাবি জানান।
খবর পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আজিজুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জহিরুল আলম ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
ব্যবসায়ীরা সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহারকেও চাঁদাবাজির বিষয়টি অবহিত করেন। ইউএনও বিষয়টি তাৎক্ষণিক সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিসহ ববসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেওয়া হলে বিকেলে ব্যবসায়ীরা দোকানপাট খোলেন।
স্থানীয় আমিরাবাদ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জহিরুল আলম জানান, স্থানীয় সাংসদের নাম ব্যবহার করে তাঁর ভাতিজাদের চাঁদাবাজির বিষয়টি সাংসদ রহিম উল্লাহকে জানানো হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ছালেহ চাঁদাবাজির ঘটনায় ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে যুবলীগ কর্মী মো. ফারুককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।