সোনাগাজীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সড়ক অবরোধ ভাঙচুর

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর ইমরানকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ ও ভাঙচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী থানা-পুলিশ ইমরানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফেনী-সোনাগাজী সড়কের বক্তার মুন্সি ডাকবাংলো, মতিগঞ্জ ও উপজেলা পরিষদ কার্যালয় এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নেতা-কর্মীদের বিক্ষোভের সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমীরুল আলমের নেতৃত্বে ফেনী থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। পুলিশ সড়ক থেকে অবরোধ সরিয়ে দেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব অভিযোগ করেন, মিথ্যা মামলায় মীর ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তার মীর ইমরানের বিরুদ্ধে থানায় তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।