ফেনীর সোনাগাজীতে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে গত রোববার রাতে দুপক্ষের সংঘর্ষে কামরুল হোসেন ওরফে রকি (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত কামরুল হোসেন উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের প্রবাসী নুর নবীর ছেলে। সে চট্টগ্রামের কুমিরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ছাত্রলীগের কর্মী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, কয়েক দিন আগে উপজেলার সুলাখালী গ্রামেরযুবলীগের কর্মী হিসেবে পরিচিত মাঈন উদ্দিন, এয়াছিন ও সাইফুল ইসলাম প্রবাসী দুলাল হোসেনের কাছ থেকে সোনার ব্রেসলেট, চেইন, টাকা ও মুঠোফোনের সেট ছিনিয়ে নেন। এ ঘটনায় দুলাল সোনাগাজী থানায় মামলা করেন। মামলার পর সালিসের মাধ্যমে আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া কিছু জিনিস উদ্ধার করে দেওয়া হয়। কিন্তু ব্রেসলেটটি ফেরত না দেওয়ায় সেটির দাম হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের ২৪ হাজার টাকা পরিশোধ করতে বলা হয়। কিন্তু তাঁরা ২৪ হাজার টাকা পরিশোধ করতে গড়িমসি করেন।
স্থানীয় সূত্রমতে, গত রোববার রাত ৮টার দিকে দুলাল সুলাখালী বাজারে ছাত্রলীগের কার্যালয়ে ঢুকে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত মাঈন উদ্দিনকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের ১৫-১৬ জন নেতা-কর্মী দুলালকে বাধা দেন এবং একপর্যায়ে তাঁকে (দুলাল) ওই ঘরে আটকে রাখেন। দুলালকে আটকে রাখার খবর তাঁর গ্রাম সোনাপুরে পৌঁছার পর গ্রামের যুবলীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থকসহ বেশ কিছু লোক সুলাখালী বাজারে ছুটে যান। একপর্যায়ে সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কামরুল হোসেন, শেখ ইসমাইল হোসেন, দুলাল হোসেন, নুর আলম, সাব্বির ও রহমত উল্যা আহত হয়। গুরুতর আহত কামরুলকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে কামরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। সেখানে নেওয়ার পথে রাতে বারইয়ারহাট এলাকায় সে মারা যায়। আহত লোকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া তিনটি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক বলেন, রাজনৈতিক কারণে নয়, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, ময়নাতদন্তের সময় কামরুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।