ফেনীর সোনাগাজীতে গত মঙ্গলবার রাতে জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি৷
আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷ এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ নেতা দোলোয়ার হোসেন প্রকাশ ল্যাংড়া বাবুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেলোয়ার আদর্শগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক৷
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত একটার দিকে গ্রামের এক আত্মীয়ের বািড়তে বিয়ের অনুষ্ঠান শেষে যুবলীগ নেতা জসিম বািড়তে ফিরছিলেন। তিনি চরদরবেশ ইউনিয়নের আদর্শগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের কাছাকাছি পৌঁছার পর আগে থেকে ওত পেতে থাকা সাত-আটজন একটি সন্ত্রাসী দল তাঁর ওপর হামলা চালায়৷ তাঁরা জসিমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। ইতিমধ্যে আদর্শগ্রাম তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে হাজির হন। পরে পুলিশ ও এলাকাবাসী জসিমকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আদর্শগ্রামের ছাইদুল হকের ছেলে জসিম।
পুলিশ জানায়, জসিমকে কুপিয়ে পালানোর সময় এলাকাবাসী মো. সুমন (৩০) নামে এক সন্ত্রাসীকে গায়ে রক্তমাখা কাপড়-চোপড়সহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বর্তমানে িতনি পুলিশ পাহারায় ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ছাড়া গ্রেপ্তার অন্য দুজন হলেন নিজাম উদ্দিন (৩০) ও সাহিদ ফরিদ (২৮)।
এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও একটি মাছের আড়তকে কেন্দ্র করে গত বেশ কিছু দিন থেকে যুবলীগ নেতা জসিমের সঙ্গে আওয়ামী লীগ নেতা দেলোয়ারের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ জানান, এ ঘটনায় নিহত জসিমের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।