সোনাগাজীতে সংঘর্ষ বোমাবাজি, আহত ৭
ফেনীর সোনাগাজী উপজেলার ওসমানিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক নিয়ে বিরোধের জের ধরে গতকাল দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, বোমাবাজি ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ অন্তত সাত শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় বাজারে দুটি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোনাগাজীর বগাদানা ইউনিয়নের ওসমানিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বেশ কিছুদিন থেকে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। গিয়াস উদ্দিনের পক্ষে অবস্থান নেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন ওরফে বাবুল। আর অন্য পক্ষে ছিলেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সাখাওয়াতুল হক ওরফে বিটু এবং স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সেলিম। বাবুল এলাকায় নিজেদের ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাংসদ রহিম উল্লার প্রতিনিধি হিসেবে দাবি করেন।
গত মঙ্গলবার সকালে স্কুলের কিছু শিক্ষার্থী কোচিং ক্লাসের দাবিতে স্কুলের সামনে স্থানীয় তাকিয়া বাজারে মানববন্ধন করে। বাড়ি ফেরার পথে মো. পরান (১৫) নামের এক শিক্ষার্থীকে প্রতিপক্ষের লোকজন মারধর করে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ ছাত্ররা স্কুলের মাঠে জড়ো হয়ে পরানকে মারধরের প্রতিবাদে মিছিল শুরু করে। এ সময় প্রতিপক্ষের লোকজনও বাজারে জড়ো হয়। একপর্যায়ে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া, বোমাবাজি, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় কয়েকটি গুলি ছোড়া হয়। এতে সপ্তম শ্রেণির ফয়েজ আহম্মদ হৃদয়, অষ্টম শ্রেণির মুরাদ হোসেন পায়ে গুলিবিদ্ধ হয়।
সংঘর্ষের একপর্যায়ে স্কুল কমিটির সদস্য আবদুল আজিজের ওষুধের দোকান ও জয়নাল আবদীনের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।