সোনাজয়ী মাবিয়াকে সম্মাননা
ভারতে অনুষ্ঠিত এসএ গেমসে ভারোত্তোলনে সোনার পদকজয়ী মাবিয়া আক্তারকে সম্মাননা দিয়েছে আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ নান্দোস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল সোমবার নান্দোসের গুলশান এক নম্বর শাখায় তাঁকে সম্মাননা স্মারক তুলে দেয় নান্দোস কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে মাবিয়া বলেন, ‘প্রচলিত ধারণার বাইরে মেয়েদের যেকোনো কাজেই বাধা আসে। তবে পরিশ্রম ও প্রচেষ্টা থাকলে সেই বাধা অতিক্রম করা সম্ভব। আমি সেই অভিজ্ঞতা পেয়েছি। আমরা প্রমাণ করেছি, মেয়েরাও পারে।’
ভারোত্তোলনে আসা প্রসঙ্গে মাবিয়া বলেন, ২০১০ সালে মামা বক্সিং প্রশিক্ষক শাহাদাৎ কাজীর হাত ধরে অনেকটা শখের বসেই ভারোত্তোলন প্রশিক্ষণ নেওয়া শুরু করেন তিনি। প্রথমে বিষয়টি কঠিন মনে হয়েছিল। তবে নিয়মিত প্রশিক্ষণ ও কৌশল রপ্ত করতে পারলে আর ভয় থাকে না বলে তিনি জানান।
মাবিয়ার প্রশিক্ষক বিদ্যুৎ কুমার রায় বলেন, ২০১৫ সাল থেকে তিনি মাবিয়াকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন। ক্রিকেট, ফুটবল খেলায় মেয়েরা আগেই এসেছে। মাবিয়ার ভারোত্তোলনে পদক জয় প্রমাণ করেছে, মেয়েরা পারে না, এমন কিছু নেই।