সোনাতলা মাঠে ঘের নির্মাণ বন্ধ করল প্রশাসন
যশোরের কেশবপুর উপজেলার সোনাতলা মাঠে কৃষিজমিতে ঘের নির্মাণ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। জমির মালিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার এ ব্যবস্থা নেওয়া হলো।
সোনাতলা মাঠের জমির মালিক শফিকুল ইসলাম ও বিল্লাল হোসেন বলেন, তাঁদের জমি জোরপূর্বক দখল করে ঘের বানাচ্ছিলেন সেলিম উজ-জামান আসাদ নামের এক ব্যক্তি। প্রতিবাদ করায় তাঁর লোকজন অনেককে মারপিটও করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেশবপুর থানার পুলিশকে লিখিতভাবে জানালেও কোনো কাজ হচ্ছিল না।
এ ঘটনা নিয়ে গত ২৭ জানুয়ারি প্রথম আলোয় ‘জোর করে মাছের ঘের’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
কেশবপুরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবির হোসেন গতকাল বিকেলে ঘটনা সরেজমিনে তদন্ত করতে যান। তখন এলাকার শত শত মানুষ সেখানে ভিড় জমায়। জমির মালিকেরা অভিযোগ করেন, তাঁরা কোনো জমি ঘেরমালিক আসাদকে দেননি। তারপরও তিনি জোরপূর্বক খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে ঘের তৈরি করেছেন। পরে কবির হোসেন ওই কৃষকদের আশ্বাস দিয়ে বলেন, এ মাঠে কাউকে জোর করে ঘের করতে দেওয়া হবে না।
জানতে চাইলে সহকারী কমিশনার প্রথম আলোকে বলেন, এলাকার শত শত মানুষ তাঁকে বলেছেন, ঘেরের জন্য তাঁরা কোনো জমি দেননি। তিনি অভিযোগের সত্যতা পাওয়ায় সেখানে ঘের নির্মাণ বন্ধ করে দিয়েছেন।