সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি ফের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি গতকাল শনিবার বিকেল থেকে চালু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ ও ভারতের মালদহ জেলার ব্যবসায়ী নেতা উজ্জ্বল কুমার সাহার নেতৃত্বে ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নেতাদের মধ্যে সমঝোতা বৈঠকের পর পাথর আমদানি চালু হয়।
সোনামসজিদ ও মহদিপুর বন্দরের শূন্যরেখায় অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়, ২২ মার্চ পর্যন্ত আগের মতো যেভাবে ভারতীয় রপ্তানিকারকদের পাথর সরবরাহ আসছিল, সেভাবেই হবে। ২২ মার্চ আবারও বৈঠক করে বিবদমান বিষয়গুলোর সমাধানের ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তা উভয় দেশের পাথর রপ্তানি ও আমদানিকারকেরা মেনে নেবেন।
সোনামসজিদ স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, ভারতীয় রপ্তানিকারকদের নিম্নমানের পাথর সরবরাহ ও উচ্চ মূল্য ধরার কারণে ৬ মার্চ থেকে পাথর আমদানি বন্ধ করা হয়েছে। এ নিয়ে গত ১০ ফেব্রুয়ারি ভারতের মহদিপুর বন্দরে এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ও ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের সোনামসজিদ বন্দরে মহদিপুর বন্দরের এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারক গ্রুপের কর্মকর্তাদের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয় এবং যৌথ স্বাক্ষরে দাবিদাওয়া মেনে নেওয়া হয়। কিন্তু রপ্তানিকারকেরা কোনো দাবিদাওয়া না মেনে আগের মতোই নিম্নমানের পাথর সরবরাহ করতে থাকেন। ফলে আমদানিকারকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ নিয়ে গত ৪ ফেব্রুয়ারি থেকে ছয় দিন পাথর আমদানি বন্ধ করে দেওয়া হয়। সে সময় ভারতীয় রপ্তানিকারকদের প্রতিশ্রুতির পর আমদানি চালু করা হলেও সমস্যার সমাধান হয়নি। ফলে দ্বিতীয় দফায় আবারও আমদানি বন্ধ করা হয়।