চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলামকে (৩৫) হত্যার ঘটনায় গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ভারতের মহদিপুর বন্দরে সাত শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে।
মনিরুল শিবগঞ্জের শিয়ালমারা গ্রামের বাসিন্দা ও উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বন্দর সূত্রে জানা গেছে, মনিরুলের গ্রামের লোকজন, বন্দরশ্রমিক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের বিক্ষোভের মুখে গত শনিবার থেকে ভারতের মহদিপুর বন্দর থেকে আমদানি করা পণ্যবোঝাই কোনো ট্রাক সোনামসজিদ বন্দরে ঢুকতে পারেনি। সোনামসজিদ বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় মহদিপুর বন্দরে ওই সাত শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। এর মধ্যে পচনশীল পণ্যের শতাধিক ট্রাক রয়েছে।এদিকে মনিরুল হত্যার সঙ্গে জড়িত তিন আসামির মধ্যে সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি সিরাজুল ইসলাম মুন্সি ও সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম শনিবার রাতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নূর নবীর সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে তাঁরা বলেছেন, গত শুক্রবার রাতে শিবগঞ্জের স্টেডিয়ামসংলগ্ন সড়কের পাশে একটি দোকানে তাঁরা দুজনসহ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আখেরুল ইসলাম ও মনিরুল চা পান করেন। পরে তাঁরা চারজন একটি ব্যক্তিগত গাড়িতে করে চলে যান। তাঁরা কিছুদূর যাওয়ার পর গাড়ি থামানো হয়। এ সময় মনিরুলকে গুলি করেন আখেরুল। গুলির শব্দ শুনে চায়ের দোকান থেকে কিছু লোক দৌড়ে এলে তাঁরা দ্রুত পালিয়ে যান। তবে আর্থিক দ্বন্দ্বই এ হত্যাকাণ্ডের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন সিরাজুল ও তোহরুল।
মনিরুলকে হত্যার পরপরই আসামিরা স্থানীয় সাংসদ গোলাম রাব্বানীর বাড়িতে আশ্রয় নেন বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে গোলাম রাব্বানীর বাড়ি গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ ছাড়া গতকাল কয়েক দফায় চেষ্টা করে মুঠোফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে গোলাম রাব্বানীর ছোট ভাই কানসাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেনাউল ইসলাম বলেন, ‘ওই তিনজন আমাদের বাড়িতে আসেননি ও তাঁদের আমাদের বাড়ি থেকে গ্রেপ্তারও করা হয়নি।’ তবে পুলিশ সুপার বশির আহমেদের ভাষ্যমতে, স্থানীয় সাংসদ গোলাম রাব্বানীর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরপরই ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।