সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম দুই ঘণ্টা বন্ধ
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও যুবলীগ নেতা মনিরুল ইসলাম হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভের মুখে গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে দুই ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এ সময় বিচারের দাবিতে সাত দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়।
স্থানীয় লোকজন জানান, বেলা ১১টায় বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট, পানামা পোর্ট লিংক লিমিটেডের কর্মচারী, শ্রমিকসহ স্থানীয় লোকজন মনিরুল হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচির কারণে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। টানা দুই ঘণ্টা বন্ধ থাকার পর বেলা একটা থেকে আবারও স্বাভাবিক হয় আমদানি-রপ্তানি। কিন্তু ততক্ষণে বন্দরের ওপারে কয়েক শ পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যসচিব সোহেল আহমেদ পলাশ বলেন, মনিরুল হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তৎপরতা চালাচ্ছে একটি চক্র। এরই প্রতিবাদে তাঁরা কর্মসূচি ঘোষণা করেছেন।
গত ২৪ অক্টোবর মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়।