সোনার দাম কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫১৭ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর কাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।
জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর সিদ্ধান্তটি গতকাল রোববার রাতে জানিয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে সোনার দাম ১ হাজার ২২৫ টাকা বাড়িয়েছিল সমিতি।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৭ হাজার ৬১৭ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ১২৮ টাকায়।
আজ সোমবার পর্যন্ত সারা দেশের জুয়েলার্সে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৪১৫ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৩১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ২৭ হাজার ৫৮৬ টাকা।
নতুন দরের কারণে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৫১৭ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪৫৮ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৪৫৮ হ্রাস পাচ্ছে। অন্যদিকে রুপার ভরি ১ হাজার ১৬৬ টাকা থেকে কমে ১ হাজার ১০৯ টাকা হচ্ছে।