সোনার নৌকা উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র তৌহিদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এম এইচ ডিগ্রি কলেজ মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে সোনার নৌকা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে মেয়র ওই সোনার নৌকা গ্রহণ করেন এবং তা বিক্রি করে পুরো টাকা এলাকার দুস্থ মেয়েদের বিয়েতে দান করবেন বলে ঘোষণা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ৪৩ বছর পর এ উপজেলায় কোনো নির্বাচনে নৌকা প্রতীক জয়লাভ করায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার সব কটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকেরা দুপুরের পর থেকেই মিছিল সহকারে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, নবনির্বাচিত মেয়র তৌহিদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের ইস্পাত কঠিন ঐক্যের কারণেই বিএনপির দুর্গ তছনছ করে আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। ভবিষ্যতে এ ঐক্য আরও জোরদার করে এগিয়ে যেতে হবে।