সোনার বার আটকের মামলায় ১২ বছরের কারাদণ্ড
চট্টগ্রামে সোনার বার আটকের মামলায় মো. জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রী জামালের কাছ থেকে সোনার ৭৫টি বার আটক করা হয়। এ ঘটনায় বিমানবন্দরের কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বিএম আবদুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে নগরের পতেঙ্গা থানায় মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ পরের বছরের ৭ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর আসামি জামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন। তবে আসামি জামিনে গিয়ে পালিয়ে যান।