সোনার বার উদ্ধারে পৃথক দুই মামলায় দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সোনার বার উদ্ধারের পৃথক দুই মামলায় দুজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ৩ জুলাই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রী নাজিম উদ্দিনের কাছ থেকে ২৮টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা জহিরুল ইসলাম বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পরের বছরের ২৭ ফেব্রুয়ারি অভিযোগপত্র জমা দেয় আদালতে। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি নাজিমকে ছয় বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
সরকারি কৌঁসুলি আরও বলেন, পতেঙ্গা থানার আরেকটি মামলায় আসামি মীর মেফতাহ উদ্দিনকে সাত বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। তিনিও জামিনে গিয়ে পলাতক রয়েছেন। ২০১৫ সালের ২৯ জুন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮টি সোনার বারসহ মেফতাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজাহান মিয়া বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।