সোনার বার উদ্ধারের মামলায় যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবদু​স শুক্কুর (৫১) নামের এক যাত্রীর কাছ থেকে সোনার বার উদ্ধারের মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়। আবদুস শুক্কুরের বাড়ি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের ২২ এপ্রিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা আবদুস শুক্কুরের কাছ থেকে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। তদন্ত শেষে একই বছরের ১৪ জুন পুলিশ আসামি আবদুস শুক্কুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।