সোনার বার উদ্ধারের মামলায় যাবজ্জীবন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সোনার বার উদ্ধারের ঘটনায় চোরাচালান মামলায় ওই যাত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম আবদুল্লাহ আলামিন। তিনি রাউজান উপজেলার বিনাজুরী গ্রামের বাসিন্দা।
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামিনে গিয়ে বর্তমানে পলাতক।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর দুবাই থেকে বাংলাদেশ বিমানে করে আসা যাত্রী আবদুল্লাহ আলামিনের কাছ থেকে ৫৮টি সোনার বার উদ্ধার করেন কাস্টম হাউসের কর্মকর্তারা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কাস্টমসের সহকারী কমিশনার ইমাম হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পরের বছরের ১৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত ২০১৫ সালের ১৩ এপ্রিল আসামির বিরুদ্ধে বিচার শুরু করেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।