সোনার বার উদ্ধারের মামলায় ১২ বছরের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সোনার বার উদ্ধারের মামলায় মো. জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর গতকাল সোমবার এ রায় দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রী জামালের কাছ থেকে ৭৫টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দরের কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে নগরের পতেঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পরের বছরের ৭ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর আসামি জামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়।