সোনারগঁায়ে এক মাসে সাতজন খুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত এক মাসে সাতটি হত্যাকাণ্ড, নয়টি অপহরণ, ৩০টি ডাকাতি, ২৫টি চুরি ও ছোট-বড় ৪৪ স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার শিকার ও ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। তবে পুলিশের হিসাবে ওই তথ্য অনেক কম।
রাজধানী ঢাকার পাশের শান্ত এলাকা হিসেবে পরিচিত সোনারগাঁ হঠাত্ অশান্ত হওয়ায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য তাঁরা পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন।
সাত খুন: উপজেলার মোগরাপাড়ার রয়েল ক্লিনিকের মালিক তাজুল ইসলামকে গত ১৭ ডিসেম্বর অপহরণ করে দুর্বৃত্তরা। ২ জানুয়ারি মেঘনা নদী থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন সনমান্দী ইউনিয়নের খৈতারগাঁও এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশার চালক রফিকুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। ১২ জানুয়ারি উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রাম থেকে অজ্ঞাতনামা এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।
১৬ জানুয়ারি দিবাগত রাতে সোনারগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেনের বাড়িতে ‘ডাকাতি’ হয়। এরপর লোকজন ধাওয়া দিয়ে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করে। ওই ঘটনায় থানায় ডাকাতির মামলা হলেও হত্যাকাণ্ডের কোনো মামলা হয়নি।২১ জানুয়ারি কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র জাহিদুল ইসলাম (১৩) ও একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র শাকিন আলমকে কাঁচপুর থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরদিন সাদিপুর ইউনিয়নের ভারগাঁও থেকে বস্তাবন্দী অবস্থায় জাহিদুলের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। ২৬ জানুয়ারি শাকিন আলমের বস্তাবন্দী জবাই করা লাশ একই ইউনিয়নের মোগড়াকুল এলাকা থেকে উদ্ধার করা হয়।
এর আগে ২৫ জানুয়ারি রাতে উপজেলার সনমান্দী ইউনিয়নের মারবদী গ্রামে সাদিয়া আক্তার (১৮) নামের এক পোশাকশ্রমিককে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া ২০ জানুয়ারি দুর্বৃত্তরা কাঁচপুরের সিনহা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকেও অপহরণ করে। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
ডাকাতির শিকার নোয়াগাঁও গ্রামের আবদুল মতিন শিকদার বলেন, ‘১৫ জানুয়ারি আমার বাড়িতে ডাকাতি হওয়ার পর থানার ওসি আতিকুর রহমান (পরে প্রত্যাহার করা হয়েছে) আমাকে মামলা না করতে অনুরোধ করেন। তিনি ডাকাতির ঘটনা সাংবাদিকদেরও জানাতে বারণ করেন।’
সংঘর্ষ: জমি নিয়ে বিরোধে ২৪ জানুয়ারি বিকেলে সনমান্দী ইউনিয়নের ফতেপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। রাতে পুলিশ অভিযানে গেলে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের অস্ত্র ও ওয়াকিটকি লুট করে এক উপপরিদর্শক ও দুই কনস্টেবলকে কুপিয়ে জখম করেন। ওই দিন সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাটে ঠিকাদারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরদিন রাতে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ফতেপুর গ্রামে বিএনপির ২০ নেতা-কর্মীর বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালান।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ: গত এক মাসের হত্যাকাণ্ড, অপহরণ, সংঘর্ষ, চুরি-ডাকাতির ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অনুসন্ধানে জানা যায়, পুলিশ এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেয়ে সন্দেহজনক ব্যক্তিদের গ্রেপ্তার করতে বেশি আগ্রহী। কারণ, এজাহারভুক্ত আসামিরা মামলায় নিজেদের নাম আসার সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে অবৈধ লেনদেন করে থাকেন। তা ছাড়া রাজনৈতিক নেতারাও পুলিশকে চাপ দেন আসামিদের না ধরতে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গত এক মাসে থানায় একটি ডাকাতি, পাঁচটি খুনের মামলা ও ১৫টি সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এর বাইরে যেসব ঘটনা ঘটেছে, তার হিসাব থানায় নেই। মামলা না নেওয়া প্রসঙ্গে রফিকুল বলেন, অনেক সময় ভুক্তভোগীরা মামলা করতে চান না। আবার অনেক ঘটনা জনপ্রতিনিধিরা মীমাংসা করে দেন।
সহকারী পুলিশ সুপার জীবন কান্তি সরকার বলেন, ‘সোনারগাঁ অশান্ত হওয়ার পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু করেছি। ইতিমধ্যে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। আরও কয়েকজন পুলিশ সদস্য প্রত্যাহারের তালিকায় আছেন।’
সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল বলেন, স্বাধীনতার পর সোনারগাঁয়ে কোনো দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হয়নি। এ জন্য রাজনৈতিক তদবিরে আসা পুলিশের কিছু সদস্য ও ক্ষমতাসীন দলের নেতারা দায়ী।
তবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, সোনারগাঁ হঠাত্ অশান্ত হওয়ার কারণ পুলিশের ব্যর্থতা। কারণ, এখানে যোগদানের আগেই তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের উত্কোচ দিয়ে বদলি হয়ে আসেন। এ জন্যই তাঁরা এভাবে টাকার পেছনে ঘোরেন।
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর বলেন, একটি বিশেষ অঞ্চলের পুলিশ কর্মকর্তারা এখানে কর্মরত। তাঁরা ক্ষমতার অপব্যবহার করায় সোনারগাঁ আজ অশান্ত। পুলিশ বিরোধী দলের নেতা-কর্মীদের মামলায় জড়িয়ে ক্ষমতাসীন দলের নেতাদের খুশি করে।