সোনারগাঁ থানার সাবেক এসআই কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় হত্যা মামলার সন্দেহভাজন আসামি শামীম রেজার পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি সোনারগাঁ থানার সাবেক উপপরিদর্শক (এসআই) পল্টু ঘোষকে কারাগারে পাঠানো হয়েছে।
উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষে গতকাল সোমবার বিকেলে এসআই পল্টু ঘোষ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল-আমীনের আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি মো. আসাদুজ্জামান।
২০১৩ সালের ১৯ এপ্রিল ভোরে সোনারগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের ঘরে তাঁর স্ত্রী শামীমা, শ্যালক রানা ইসলাম এবং দুজন গৃহপরিচারিকা রেখা আক্তার ও মনি আক্তার খুন হন। ওই হত্যা মামলায় শামীম রেজাকে আটক করে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।