সোনারগাঁ পৌরসভার বিভিন্ন সড়ক বেহাল, দুর্ভোগ
দীর্ঘদিন ধরে মেরামত না করায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার অধিকাংশ সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন পৌরসভার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ পৌরসভার চিলারবাগ থেকে পানামনগর, খাসনগর দীঘিরপাড় থেকে সোনারগাঁ থানা, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন থেকে টিপুরদী, লাহাপাড়া থেকে ষোলপাড়া ও উদ্ববগঞ্জ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে গত কয়েক দিনের বৃষ্টিতে গর্তে পানি জমে এবং অনেক স্থানের কার্পেটিং উঠে গিয়ে রাস্তা ভেঙে গেছে। এতে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। বড় বড় গর্তের কারণে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
গত সোমবার পৌরসভার বিভিন্ন সড়কে সরেজমিনে দেখা যায়, সড়কগুলোতে সৃষ্টি হওয়া গর্তে পানি জমে আছে। ঝুঁকি নিয়ে এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।
খাসনগর দীঘিরপাড় গ্রামের রাজা মিয়া জানান, পানিনিষ্কাশনব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই সড়কের ওপর হাঁটুপানি জমে যায়। সড়কগুলো মেরামতের জন্য একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজ হচ্ছে না।
দত্তপাড়া গ্রামের নয়ন হোসেন ও লাহাপাড়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, পৌরসভার বিভিন্ন সড়ক দিয়ে বর্তমানে চলাচল করাই কষ্টসাধ্য। রিকশা ও অটোরিকশা থেকে পড়ে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক আমজাদ হোসেন বলেন, সড়কগুলোর দুরবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
এ ব্যাপারে সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান জানান, পৌরসভার বিভিন্ন সড়ক উন্নয়নে ইতিমধ্যে প্রায় ১৯ কোটি টাকার দরপত্র হয়েছে। ঠিকাদারেরা কাজও শুরু করেছেন। সব কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে।