সোনারগাঁয় বিএনপির ৩৭ নেতা-কর্মী কারাগারে
মহাসড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুরের ঘটনায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির ৩৭ নেতা-কর্মী গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২ ও ৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকা ও ঢাকা-বাইপাস সড়কে উপজেলার নয়াপুর এলাকায় যানবাহন ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ ও তৎকালীন উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল বাদী হয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৯৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক মামলা করেন। মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নানকে প্রধান আসামি করা হয়। আসামিদের মধ্যে গতকাল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৭ নেতা-কর্মী ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজি মোহাম্মদ শহীদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘আমরা আসামিদের জামিনের জন্য উচ্চ আদালতে যাব।’
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর বলেন, বিএনপিকে কোণঠাসা করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।