সোনারগাঁয়ে আবার অবৈধ গ্যাস-সংযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যখন আবাসিক গ্যাসের তীব্র সংকট চলছে, তখন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নতুন করে গ্যাসের অবৈধ সংযোগ স্থাপনের কাজ শুরু হয়েছে। দুই বছর আগে এখানে অবৈধ গ্যাস-সংযোগের ব্যবসা শুরু হলেও মাঝখানে কিছুদিন এটা বন্ধ ছিল।
এই উপজেলায় তিতাসের বৈধ গ্রাহক মাত্র সাত হাজার। অবৈধ সংযোগের সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট কিছু বলতে রাজি হননি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, অবৈধ সংযোগ বৈধ সংযোগের কয়েক গুণ বেশি।
সোনারগাঁর পৌর এলাকা ছাড়া ১০টি ইউনিয়নে ৪৬৬টি গ্রাম রয়েছে। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা জানান, গত দুই বছরে উপজেলার অধিকাংশ গ্রামে গ্যাসের অবৈধ সংযোগ পৌঁছে গেছে। আবার কিছু সংযোগ বিচ্ছিন্নও করা হয়েছে। তবে তিতাস কর্তৃপক্ষের অভিযোগ, অবৈধ এসব গ্যাস-সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত আছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তাঁদের কারণেই উচ্ছেদ অভিযান সফল হয় না।
গত মঙ্গলবার এলাকায় ঘুরে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক মাস বন্ধ থাকার পর আবারও অবৈধ সংযোগ দেওয়া শুরু হয়েছে। গত সোমবার উপজেলার আনন্দবাজার-বারদী সড়কের ছনপাড়া সেতুর কাছে সড়ক কেটে গ্যাসের পাইপ বসানোর কাজ শুরু হয়। রাতের বেলা শতাধিক শ্রমিক দিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা গ্যাস-সংযোগের কাজ শুরু করেছেন। বারদী ইউনিয়নের ২১টি গ্রামে গ্যাস-সংযোগ দেওয়ার জন্য সড়কের পাশ দিয়ে পাইপ বসানো হচ্ছে।
ছনপাড়া গ্রামের একাধিক বাসিন্দা জানান, বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক ও সাবেক সদস্য রফিকুল ইসলামের লোকজন এ কাজ করছেন। এ জন্য গ্রাহকপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা অগ্রিম নেওয়া হয়েছে।
ফুলদী গ্রামের বাসিন্দা আলী আজগর বলেন, ‘গ্যাস-সংযোগ নিতে আমরা গ্রাহকপ্রতি ইতিমধ্যে ৩০ হাজার টাকা করে দিয়েছি।’
সাংবাদিক আসার খবর জানার পর সড়ক কেটে অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার কাজ বন্ধের উদ্যোগ নেয় তিতাস কর্তৃপক্ষ। গত বুধবার বিকেলে তারা সেখানে অভিযান চালায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়ার নেতৃত্বে এ অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক মশিউর রহমান, উপসহকারী প্রকৌশলী কাউছার আলম প্রমুখ। কিন্তু তাঁরা আটটি পাইপ অপসারণ করে চলে আসেন।
জানতে চাইলে কাউছার আলম বলেন, ‘প্রয়োজনীয় লোকবলের অভাবে আমরা পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন করতে পারিনি। এ অভিযান অব্যাহত থাকবে।’
এই উচ্ছেদ অভিযান লোক দেখানো কি না—জানতে চাইলে তিতাসের সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আতিকুল হক সিদ্দিকী বলেন, ‘তিতাস নিয়মিত অভিযান চালায়। তবে জনবলসংকট ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা না পাওয়ায় সব সময় এটা সুষ্ঠুভাবে করা সম্ভব হয় না। ভবিষ্যতে লোকবল বাড়িয়ে অভিযান জোরদার করা হবে।’
এবার যে দুজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপজেলার সর্বত্র এরই মধ্যে গ্যাস পৌঁছে গেছে। তাই আমরাও গ্যাস নিচ্ছি। যেহেতু সরকার কাউকে বাধা দেয়নি, তাই সবার যা গতি হয়, আমাদেরও তা-ই হবে।’
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান জহিরুল হক বলেন, ‘আমি এসব অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত নই। রাজনৈতিক প্রতিহিংসা থেকে কেউ আমার বিরুদ্ধে এমন অভিযোগ করতে পারে।’
এ ব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের ভূঞা বলেন, ‘এটা তিতাসের ব্যাপার। উচ্ছেদ অভিযানে তারা সহযোগিতা চাইলে প্রশাসনের পক্ষ থেকে তা দেওয়া হবে।’