সোনারগাঁয়ে এক প্রবাসী ও এক গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুই স্থানে গত বৃহস্পতিবার রাতে এক প্রবাসী ও এক গৃহবধূ খুন হয়েছেন।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার নলপাথর গ্রামের প্রবাসী মনির হোসেনকে (৪৮) ওই দিন রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের পেচাইন সেতুর পাশে অপহরণ করে আনে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা মনিরকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে মনিরের লাশ উদ্ধার করেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল। পরে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তাঁর লাশের ময়নাতদন্ত হয়। এরপর তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নিহত মনিরের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আমার স্বামীকে হত্যা করেছে।’
এ ব্যাপারে এসআই অজয় কুমার পাল জানান, দুর্বৃত্তরা মনিরকে হত্যা করে বিষয়টিকে সড়ক দুর্ঘটনা হিসেবে চালাতে চেষ্টা করেছিল বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের পেছনের ছোট অজুর্ন্দী গ্রামে একটি লিচুবাগানে হালিমা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী সুজন মিয়া (৪০) গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হালিমার বাড়ি উপজেলার বারদী ইউনিয়নের সেনপাড়া গ্রামে ও সুজন উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের চিনিষ এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে হালিমার চাচা বারদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দাইয়ান সরকার জানান, হালিমা বাদী হয়ে সুজনের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেছিলেন। ওই মামলায় সুজন ছয় মাস জেল খেটেছেন। জামিনে বের হয়ে গত বৃহস্পতিবার রাতে হালিমাকে সুজন কৌশলে বাড়ির বাইরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে লাশ রেখে পালিয়ে যান। লাশের ময়নাতদন্ত শেষে সেনপাড়া গ্রামে হালিমার লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় তিনি (দাইয়ান) বাদী হয়ে সুজন ও তাঁর মাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, হালিমার হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর শাশুড়ি আনোয়ারা বেগম ও ননদ সুজনা আক্তারকে আটক করা হয়েছে।