সোনারগাঁয়ে কারখানায় বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে গতকাল বুধবার একটি কারখানার ট্যাংকে বিস্ফোরণ ঘটেছে। এতে সাতজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকদের সূত্রে জানা গেছে, উপজেলার মেঘনাঘাটে অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান মেঘনা সিড ক্রাশিং মিলস লিমিটেডে সয়াবিন তেল প্রক্রিয়াজাত করার সময় হঠাৎ ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে সাতজন শ্রমিক কাজ করছিলেন। তাঁরা হলেন মাসুদুর রহমান (৩৫), মোতালেব মিয়া (৪০), ফয়সাল হোসেন (৩৭), রানা আহম্মেদ (২৮), হুমায়ন কবির (৩০), মাহবুব হোসেন (৩৮) ও আবদুল হাই (৩৯)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক (কারিগরি) কার্তিক চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, আহত শ্রমিকদের মধ্যে মোতালেব ও আবদুল হাইকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।